ওয়ান্ডার ওম্যান’ জনপ্রিয় সেরা মুভি 2017-18
সুপারহিরো কি শুধু ছেলেরাই হতে পারে? মেয়ে সুপারহিরো নিয়ে কোনও মাতামাতি নেই কেন?
সুপারহিরো’- শুনলেই চোখের সামনে ভেসে ওঠে সুপারম্যান, ব্যাটম্যান, ক্যাপ্টেন আমেরিকাসহ আরও নানা চরিত্র। কিন্তু এরা সবাই তো ছেলে। তাহলে কি মেয়ে কোনও সুপারহিরো নেই? আছে তো! তবে ক্যাটওম্যান, ওয়ান্ডার ওম্যান- এদের কথা শুরুতে মনে পড়ে না আমাদের। এবছর অবশ্য হিসাবটা বদলে গেল মনে হচ্ছে। নারী সুপারহিরোকে মূল চরিত্রে রেখে এবারই যে ডিসি ইউনিভার্স নির্মাণ করলো মুভি, তাও আবার নারী পরিচালকের হাতে। মুভির নাম ‘ওয়ান্ডার ওম্যান’।
মুক্তির আগে থেকেই এই মুভি নিয়ে জল্পনা-কল্পনার অন্ত ছিল না। এমনকি প্রযোজনা প্রতিষ্ঠান ডিসি ইউনিভার্স-ও দ্বিধায় ছিল। কারণ নারী পরিচালকের অধীনে এত বড় বাজেটের মুভি এবারই প্রথম, তাও কিনা মূল চরিত্রে নারী সুপারহিরো। দর্শকের মন জয় করতে পারবে কী এই মুভি? মুক্তির পরপরই এই প্রশ্নের দুর্দান্ত জবাব দিয়ে দিয়েছে মুভির বক্স অফিস আয়। ফলাফলঃ ডিসি ইউনিভার্স ইতিমধ্যে ‘ওয়ান্ডার ওম্যান’-এর সিক্যুয়েল নিয়ে ভাবতে শুরু করেছে।
ওয়ান্ডার ওম্যান’ চরিত্রটি কিন্তু একেবারেই নতুন নয়। প্রায় ৭৬ বছর ধরে কমিক দুনিয়ায় তার বিচরণ। এর আগেও ‘জাস্টিস লীগ’ সহ বেশ কিছু মুভিতে তাকে দেখা গেছে অন্য সুপারহিরোদের সাথে। কিন্তু মূল চরিত্র হিসেবে এবারই প্রথম পর্দা কাঁপালো থেমিসিরা-এর রাজকুমারী ডায়না ওরফে ‘ওয়ান্ডার ওম্যান’।
মুভির অভাবনীয় সাফল্যের পর অনেকেরই মনে প্রশ্নঃ কী আছে ‘ওয়ান্ডার ওম্যান’-এর যা এতটা প্রশংসার দাবিদার? উত্তরে পরিচালক প্যাটি জেনকিন্স বলেছেন, “‘ওয়ান্ডার ওম্যান’ সত্য আর ভালোবাসার জন্য লড়ে। চাইলেই সে নিজের শক্তি প্রমাণে আশ্চর্য সব কাজ করতে পারে, কিন্তু এতে আগ্রহ নেই তার। সে শুধু চায় যুদ্ধবিহীন এক পৃথিবী, যাতে রাজত্ব থাকবে মানবতার।”
মুক্তির প্রথম দিনে বক্স অফিস আয়ে রেকর্ড গড়ে মুভিটি। নারী পরিচালকের পরিচালনায় নির্মিত মুভির প্রথম দিনে সর্বোচ্চ আয় এবং নারীপ্রধান কমিক বইভিত্তিক মুভির প্রথম দিনে সর্বোচ্চ আয়- দুটি রেকর্ডই এখন ‘ওয়ান্ডার ওম্যান’-এর ঝুলিতে।
শুধু পরিচালক না, মুভির কলাকুশলীরাও প্রশংসা কুড়িয়েছেন দর্শক-সমালোচকদের। ‘ওয়ান্ডার ওম্যান’ চরিত্রে অভিনয়কারী গাল গাডোট-এর প্রশংসা এখন সবার মুখে মুখে। মুভির শ্যুটের সময় তিনি ছিলেন ৫ মাসের অন্তঃসত্ত্বা। কিন্তু তার পারফরম্যান্সে সেটা বোঝার কোনই উপায় নেই। সুপারহিরো চরিত্রে তো এমন শিল্পীকেই মানায়। মুভির অন্য শিল্পীদের মধ্যে আলাদাভাবে নজর কেড়েছেন রবিন রাইট ও ক্রিস পাইন।
‘ওয়ান্ডার ওম্যান’ মুভিটি নিয়ে প্রাথমিক পর্যায়ের কাজ শুরু হয়েছিল সেই ১৯৯৬ সালে। এতদিন ধরে অনেকটা পথ পাড়ি দিয়ে অবশেষে ২০১৭ সালে দর্শকের কাছে পৌঁছেছে এই মুভি। নারী সুপারহিরোকে নিয়ে নির্মিত মুভি, যে কিনা নারী পরিচয় ছাপিয়ে সবার প্রিয় সুপারহিরো হয়ে উঠেছেন নিমেষেই; এমন মুভি ভাল না লেগে কি পারে!